বাংলাদেশ

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পরে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে যান। এ সময় ট্রেনটি ফাঁকা ছিল। সেই সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

হঠাৎ বগি থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনের কর্মীরা দ্রুত ছুটে এসে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ওই বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের শিকার ‘ড’ বগিটি প্ল্যাটফর্মের বাইরের অংশে থাকায় সেটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত ছিল না। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা খালি ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। রেলওয়ের কর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button