বাংলাদেশ

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

বাংলা টিভি ডেস্ক: ঢাকার সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের আঁচ পেয়ে দ্রুত বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান। তবে তিনি সামান্য আহত হয়েছেন। একই দিন সাভারে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ভোররাতে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, ভোর থেকে দুটি বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহণের বাসটিতে আগুন দেওয়ার সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ অনুভব করে তিনি ঘুম থেকে উঠে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন। এতে তিনি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। একই এলাকায় আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

অন্যদিকে, সাভারের বাড়ইপাড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে, সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে পুলিশ। পরে ব্যাগটি তল্লাশি করে তিনটি ককটেল পাওয়া যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ককটেল উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে।

একই সময়ে একাধিক স্থানে অগ্নিসংযোগ ও ককটেল উদ্ধারের ঘটনায় সাভার এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button