বাংলাদেশ

১২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুভর্তি ব্যাগের

বাংলা টিভি ডেস্ক: ঢাকার সাভারে একটি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেলসদৃশ বস্তু ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে রয়েছে। খবর পাওয়ার প্রায় ১২ ঘণ্টা পার হলেও ব্যাগটি উদ্ধার কিংবা ভেতরে থাকা বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়নি। ফলে আতঙ্কের মধ্যেই ব্যাগটির পাশ দিয়ে চলাচল করছেন পথচারীরা। এমনকি বিদ্যালয়ে স্বাভাবিকভাবে চলছে পাঠদান কার্যক্রমও।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকেও সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে সাভার মডেল থানা থেকে প্রায় ১০০ গজ দূরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাগটি দেখতে পায় পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়।

তবে মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যাগটি থেকে প্রায় ১০ গজ দূরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ব্যাগের ভেতরে বিস্ফোরকসদৃশ বস্তু থাকার বিষয়টি অনেক পথচারী না জানায় তাঁরা স্বাভাবিকভাবেই এর পাশ দিয়ে চলাচল করছেন।

এদিকে সকাল ৮টা থেকে বিদ্যালয়ে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পাঠদান কার্যক্রম চলতে দেখা যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পথচারী মামুন হোসেন বলেন, দূরে পুলিশ দাঁড়িয়ে আছে। তবে স্কুলের ফটকে বিস্ফোরকজাতীয় কিছু রয়েছে, তা না জেনে পথচারীরা স্বাভাবিকভাবেই সেখান দিয়ে চলাচল করছেন। বিষয়টি বিপজ্জনক।

আরেক পথচারী মারুফ বলেন, রাতে একটি ব্যাগ পাওয়া গেছে। কিন্তু সকাল পর্যন্ত সেটি উদ্ধার করা হয়নি। পথচারীরা বিষয়টি না জেনেই স্বাভাবিকভাবে চলাচল করছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এখন পর্যন্ত বস্তুগুলো উদ্ধার করা হয়নি। বেলা ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করবে। নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button