বাংলাদেশ

কলেজ ক্যাম্পাসের ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

বাংলা টিভি ডেস্ক: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরোনো ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কলেজে স্বাভাবিক পাঠদান ও অন্যান্য কার্যক্রম চলছিল। এ সময় পুরোনো ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি নজরে আসার পর কলেজের অধ্যক্ষ দ্রুত পুলিশকে খবর দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখা গেছে। এটি বোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ ধরনের বস্তু পাওয়ার বিষয়টি অবশ্যই উদ্বেগজনক।

কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে বড় ধরনের কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে।

তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা কলেজের ভেতরে এটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button