বাংলাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসব বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক সেবা বিনামূল্যে নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসকেরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

অগ্নিকাণ্ডের পর শিক্ষার্থীদের অসুস্থতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আগুনের ধোঁয়ায় অনেক শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতেও দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। বিষাক্ত ধোঁয়ার প্রভাব এবং আতঙ্কজনিত মানসিক চাপের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসার অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, বেশ কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আশা করছেন চিকিৎসকেরা। আইসিইউতে থাকা চার শিক্ষার্থীকেও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সুস্থতা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আবাসিক ভবনকে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সে অনুযায়ী ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রীর মতে, ভবনের নকশা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ব্যবহারবিধি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন। মাদ্রাসার ভবনটিও মূলত আবাসিক ভবন ছিল কি না, সেটি খতিয়ে দেখা দরকার। পাশাপাশি বিশেষায়িত বার্ন চিকিৎসাসেবা ঢাকার বাইরে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে এম এ মুহিত বলেন, প্রাথমিকভাবে লাইব্রেরি ও প্রশাসনিক অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরির বইপত্র ও বিভিন্ন নথিপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭৯ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের শরীরে আগুনে পোড়ার কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষাক্ত ধোঁয়ার কারণে অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চার শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button