ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: নাছির উদ্দীন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েমকে নিয়ে এমন মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।
নাছির উদ্দীন নাছির দাবি করেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনের প্রেক্ষাপটে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তাঁর উপস্থিতি ছিল বলেও দাবি করেন তিনি।
ছাত্রদলের এই নেতা আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। তবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, দেশের মানুষের দেওয়া রায়ের ভিত্তিতে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। যেকোনো পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে ছাত্রদল সব সময় তাদের সঙ্গে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



