রাজনীতি

স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় করে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হাসিবের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে তাঁকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

এদিকে হামলার সময় হাসিবের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানিয়েছেন, হাসিব ও ওই তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের ১১৮ নম্বর ‘অগ্নিবীণা’ কক্ষে ওঠেন তাঁরা। মঙ্গলবার তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। এর আগেই সকালে হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিবের ওপর হামলা চালিয়েছে।

জাহিদ আহসানের দাবি, হামলায় হাসিব আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button