‘পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না’

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন সিদ্ধান্ত দেওয়া যৌক্তিক নয়। একইভাবে পরিত্যক্ত বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনাও রাজনৈতিক পরিস্থিতির ভয়াবহতার প্রমাণ হতে পারে না।
বিরোধী দলের বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করে। সংসদে বিরোধী দল সক্রিয় থাকলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক।
তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ভেতরে আত্মগোপনে থাকা ব্যক্তিদের তৎপরতা, সীমান্তের ওপার থেকে সম্ভাব্য ইন্ধন এবং তাদের সহযোগীদের বিষয়ে সরকার অনুসন্ধান করছে বলেও জানান তিনি।
এ সময় গোয়েন্দা সংস্থার পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার তথ্য দিলে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির জন্য দেশের বাইরে থেকে পরিকল্পনা করা হয়েছিল এবং দেশের ভেতরেও এ কাজে অর্থায়ন হয়েছে। তবে সরকার সেই প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে।
শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হবে। কোনো পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরতে পরিসংখ্যানের ভিত্তিতে মূল্যায়নের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি বা অবনতি নির্ধারণ করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের তথ্যের সঙ্গে তুলনা করতে হবে।
সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্যের প্রসঙ্গ তুলে তিনি জানান, পুলিশের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত শক্তি আবারও পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



