সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে কোনো ধরনের পিছপা হবে না জামায়াত। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দলও প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতার দায় তারা নিতে চান না। একই সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও ব্যর্থ হতে চান না। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না হলে বিরোধী দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলেও জানান তিনি।
সংসদে বক্তব্য দেওয়ার সময় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনাগুলো তুলে ধরেন জামায়াত আমির। তিনি আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের সামনে, থানার প্রবেশপথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার বিষয়টি তুলে ধরে উদ্বেগ জানান তিনি।
এ ছাড়া পার্বত্য অঞ্চলে অভিযান পরিচালনার সময় এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনা, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের বিষয়েও কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও সংসদে তুলে ধরেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশে একাধিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা পরিষ্কার করা প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করলেও সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও আপত্তি জানান তিনি। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির।
জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকার প্রস্তাবও দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সরকার চাইলে এককভাবেই পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তবে এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। সহযোগিতার আহ্বান এলে তারা আন্তরিকতার সঙ্গে তা বিবেচনা করবেন।
বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। অতীতের রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কোনোভাবেই আগের পরিস্থিতি ফিরে আসার সুযোগ তৈরি করা উচিত নয়।
গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে পর্যন্ত বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ এসব প্রতিরোধে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির ক্ষেত্রে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেন তিনি।
সংসদে অন্য এক সদস্যের বক্তব্যের সূত্র ধরে ডা. শফিকুর রহমান জানান, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফোনকলের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ এবং সুস্পষ্ট অবস্থান গ্রহণের দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা রক্ষা করতে হবে। অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



