Uncategorized

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

বাংলা টিভি ডেস্ক: দিনভর বাস চালানোর পর রাতে গাড়িটি রাস্তার পাশে পার্ক করে ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন চালক মো. কালাচাঁদ। কিন্তু গভীর রাতে বাসটিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল।

মঙ্গলবার বাড়িতে স্বামীর মৃত্যুর খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ময়না বেগম। আহাজারি করতে গিয়ে তিনি বলেন, তার স্বামী কোনো অপরাধ করেননি। তাহলে কেন তাকে এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো? এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের কাজ শেষে রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর রাখা হয়েছিল। চালক কালাচাঁদ তখন বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে চালক বাসের দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বাইরে বেরিয়ে পড়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে চালককে আর বাঁচানো সম্ভব হয়নি।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button