ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের কথায় মোবাইল ফোনে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর দেওয়ার পর তিন দফায় তার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারে আরও রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। সব মিলিয়ে চরম প্রতিকূলতার মধ্যেই সংসার চালিয়ে যাচ্ছেন পারেছা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পারেছাকে ফোন করেন। তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কার্ডের টাকা পাওয়ার নিয়ম বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন ওই ব্যক্তি। একপর্যায়ে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে মোবাইলে আসা ওটিপি নম্বর জানতে চান।
প্রতারকের কথায় বিশ্বাস করে পারেছা ওই নম্বর জানিয়ে দেন। এরপর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেওয়া হয়।
পারেছার অভিযোগ, তার ব্যবহৃত ০১৭২৯১৮… নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে সেন্ড মানির মাধ্যমে এসব টাকা সরানো হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেন।
প্রতারণার শিকার পারেছা খাতুন বলেন, মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে তার তেমন ধারণা নেই। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ফোনে আসা বার্তা নিজেও দেখতে পারেন না। এ কারণে একজন আত্মীয়কে ডেকে ওটিপি নম্বরটি দিতে বলেছিলেন।
তার ভাষায়, ‘মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রশাসনের কাছে নিজের হারানো টাকা উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে পারেছার সংসার চালানো খুবই কঠিন। তার কাছে প্রতিবন্ধী ভাতার এই টাকা ছিল বড় একটি অবলম্বন। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই অর্থ হারিয়ে পরিবারটি এখন আরও বিপাকে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে বাড়তি আয়ের আশায় পারেছা ছাগল, হাঁস ও মুরগি পালন করেন। ভিক্ষাবৃত্তির পরিবর্তে নিজের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করেন তিনি। তার স্বামীও কাজের চেষ্টা করলেও নিয়মিত কাজ পান না।
স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। বিভিন্ন সময়ে স্থানীয়রা তাদের সহযোগিতা করে থাকেন। পারেছাকে ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহায়তা করবেন বলে জানান তিনি। পাশাপাশি প্রশাসনের কাছে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি আইনগতভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ফ্যামিলি কার্ডের মতো সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে এ ধরনের প্রতারণা অসহায় মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ, তাদের সতর্ক করা এবং প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অর্থ উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।



