গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বাংলা টিভি ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকায় মিরপুর সড়কে চলন্ত গাড়িতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
আসিফ নজরুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাড়ির জানালা খোলা থাকায় এক যুবক হঠাৎ হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। তীব্র যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় পুরনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি বলে জানান তিনি। নিজের অসতর্কতাকেই এ ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন আসিফ নজরুল।
এদিকে, ছিনতাই হওয়া ফোন উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি তাঁর ফোন নম্বর ব্যবহার করে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। তবে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি।



