কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার

বাংলা টিভি ডেস্ক: পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক কয়েদির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিক বিভিন্ন বস্তু উদ্ধার করেছেন চিকিৎসকরা। উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা।
অস্বাভাবিক এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি হাসমত আলীর (৪৪) ক্ষেত্রে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।
কারা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন হাসমত। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর গত ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ সময় পেটের ভেতর থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।
বিষয়টি সম্পর্কে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
কারাগারে থাকার সময় মানসিক কষ্ট থেকে কিছুটা দূরে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। এ কাজ করার সময় ময়লা-আবর্জনা থেকে বিভিন্ন বস্তু সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষা-নিরীক্ষায় পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে হাসমত আলী সুস্থ রয়েছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।



