আজ ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও যে ক্ষত শুকায়নি

মাহবুব শওকত: আজ ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কি’, যা বিশ্বজুড়ে ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। দেখতে দেখতে ৫৬ বছর পেরিয়ে গেছে। কিন্তু সেই ভয়াল রাতের স্মৃতি আজও উপকূলের মানুষের হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) স্বীকৃতি অনুযায়ী, এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঘূর্ণিঝড়। গভীর রাতে ১০ থেকে ৩৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে বিস্তীর্ণ উপকূলীয় জনপদে। ভোলা, মনপুরা, ঢালচর, হাতিয়া, নিঝুম দ্বীপ, নোয়াখালী, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, সন্দ্বীপ ও চট্টগ্রামসহ অসংখ্য এলাকা মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। বিভিন্ন ঐতিহাসিক হিসাব অনুযায়ী, এ দুর্যোগে প্রাণ হারান প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষ। তবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) তথ্যে প্রাণহানির সংখ্যা প্রায় ১০ লাখ বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছিল ভোলার তজুমদ্দিন উপজেলায়।
সেই ভয়াল রাতে আমিও ছিলাম এক শিশু
১৯৭০ সালে আমি চতুর্থ শ্রেণির ছাত্র। তখন পবিত্র রমজান মাস চলছিল। তাই জীবনের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রাতটি আজও আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে।
আমাদের গ্রামের বাড়ি ভোলা সদরসংলগ্ন বাপ্তা উকিল বাড়ি। সেদিন প্রচণ্ড ঝড় শুরু হলে পরিবারের সবাই মিলে কাঠের তৈরি দোতলা বাড়ির নিচতলায় আশ্রয় নিই। চারদিকে আতঙ্ক, আর সবার মুখে একটাই উচ্চারণ—‘আল্লাহ আল্লাহ’।
আমার প্রয়াত শিক্ষক পিতা আমাকে বুকে জড়িয়ে ধরে দোতলায় ওঠার সিঁড়ির পাশে রাখা বড় কাঠের চালের বাক্সের ওপর কিছুক্ষণ শুয়ে ছিলেন। সেই দৃশ্য আজও চোখের সামনে ভাসে।
ঝড়ের তাণ্ডবের মধ্যেই আমাদের দক্ষিণ ভিটির বাড়ি থেকে এক জ্ঞাতি চাচাতো ভাই তাঁর মধ্যবয়সী বিধবা মাকে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য আমাদের বাড়িতে চলে আসেন। বাইরে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, আর ঘরের ভেতরে চলছিল সেহেরির প্রস্তুতি।
একসময় সবাই মিলে সেহেরি খেলাম। তখনও বুঝতে পারিনি, ঠিক সেই সময়েই ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন, মনপুরা ও দৌলতখানসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদে নেমে এসেছে ধ্বংসের মহাপ্রলয়।
পরদিন সকালে চকবাজারের ভয়াবহ চিত্র
আমাদের বাড়ির ভিটা তুলনামূলক উঁচু হওয়ায় সকালে ঘরের ভেতরে পানি ওঠেনি। শুধু পেছনের বিল উপচে কিছু পানি বাগান পর্যন্ত পৌঁছেছিল।
ছোটবেলা থেকেই আমি ছিলাম ভীষণ কৌতূহলী। পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে একাই বেরিয়ে পড়ি ভোলা শহরের উদ্দেশে। সেখানে গিয়ে যা দেখেছিলাম, তা ছিল অবিশ্বাস্য। শহরের প্রাণকেন্দ্র চকবাজারে কোমরসমান পানি। প্রায় সব দোকানেই পানি ঢুকে মালামাল ভাসিয়ে নিয়ে গেছে।
বিবিসির সংবাদে স্বজন হারানোর আশঙ্কা
ভোলা দ্বীপের উত্তর দিকে সদর উপজেলা হওয়ায় আমাদের এলাকায় ঝড়ের আঘাত ও ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছিল। কিন্তু আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন ও বংশধরের বসবাস ছিল দক্ষিণের চরফ্যাশন এলাকায়।
যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় প্রথমদিকে তাঁদের কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। পরে বিবিসি রেডিওর সংবাদে চরফ্যাশনসহ দক্ষিণ উপকূলের ভয়াবহ পরিস্থিতির খবর শুনে পরিবারের সবাই গভীর উৎকণ্ঠায় পড়ে যান। সবার মনে তখন একটাই আশঙ্কা—দক্ষিণে থাকা আমাদের স্বজনদের কেউ হয়তো আর বেঁচে নেই।
ঝড়ের দুই দিন পর আমার ছোট চাচা ও পরিবারের আরও কয়েকজন স্বজনদের খোঁজে বের হন। তাঁদের সঙ্গে ছিল শুকনো খাবার হিসেবে চিড়া, গুড়, দিয়াশলাই এবং প্রয়োজনে দাফনের জন্য সাদা কাপড়।
প্রথমে মেঘনা নদীর কাছাকাছি এলাকার স্বজনদের খোঁজ নেন তাঁরা। এরপর প্রয়োজনীয় সৎকার ও খাবারের ব্যবস্থা করে বিধ্বস্ত রাস্তাঘাট পেরিয়ে পরদিন চরফ্যাশনে পৌঁছান।
চরফ্যাশনের সেই হৃদয়বিদারক দৃশ্য
চরফ্যাশনে পৌঁছে আমাদের স্বজনরা যে দৃশ্য দেখেছিলেন, তা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁরা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন।
আমাদের বংশধরদের বাড়ির সবচেয়ে বড় দেড়তলা টিনের ঘরের পাটাতনে প্রায় ৮০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের পানির চাপে পুরো ঘরটি উপড়ে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এতে আশ্রয় নেওয়া প্রায় সবাই প্রাণ হারান।
সবচেয়ে মর্মান্তিক ছিল সদ্যবিবাহিত এক দম্পতির পরিণতি। যে বিধবা চাচি তাঁর ছেলেকে নিয়ে ঝড়ের রাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাঁর মেয়ের বিয়ে হয়েছিল কয়েক দিন আগেই চরফ্যাশনের সেই আত্মীয় পরিবারের এক ছেলের সঙ্গে।
ধ্বংসস্তূপের ভেতর তাঁদের দুজনের নিথর দেহ পাওয়া যায় পাশাপাশি, হাত ধরাধরি অবস্থায়। আরও হৃদয়বিদারক বিষয়, তখনও তাঁদের হাতে বিয়ের মেহেদির রং লেগে ছিল।
চাচারা সাধ্যমতো স্বজনদের দাফন-কাফনের ব্যবস্থা করে বাড়িতে ফিরে আসেন। কিন্তু সেই বিভীষিকাময় দৃশ্য ও লাশের গন্ধ তাঁদের দীর্ঘদিন স্বাভাবিক থাকতে দেয়নি।
প্রিয় শিক্ষক মনিরুল হুদা স্যার: যে অপরাধবোধ আজও তাড়া করে
রমজানের ছুটি শেষে স্কুল খুললে জানতে পারি, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক মনিরুল হুদা স্যারও সেই জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছেন।
শোনা গিয়েছিল, প্রবল পানির স্রোত থেকে বাঁচতে তিনি একটি উঁচু মান্দার গাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির নির্মমতার কাছে হার মানতে হয় তাঁকে। পরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
তখন আমরা তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে কিংবা অটো প্রমোশনের মাধ্যমে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উঠেছিলাম। কিন্তু নতুন ক্লাসে ওঠার আনন্দের বদলে আমাদের শ্রেণিকক্ষে নেমে এসেছিল কান্নার রোল।
কারণ, নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণিতে আমাদের ক্লাস টিচার হওয়ার কথা ছিল মনিরুল হুদা স্যারের। তিনি ছিলেন অত্যন্ত কড়া ও শাসনপ্রিয় শিক্ষক। স্কুল ফাইনালের আগে তাঁর কাছে পড়তে হবে—এই ভয়ে আমরা অনেকেই তখন থেকেই অস্থির ছিলাম।
শিশুমনের সেই ভয় ও নেতিবাচক চিন্তা থেকে জন্ম নেওয়া এক অদ্ভুত অপরাধবোধ আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়িয়েছে। মনে হতো, আমাদের সেই ভয় কিংবা স্যারের প্রতি কোনো নেতিবাচক ভাবনার কারণেই কি তাঁর এমন করুণ পরিণতি হলো?
অবশ্যই এটি ছিল অবুঝ বয়সের এক অমূলক ভাবনা। কিন্তু সেই সময়ের শিশুমনের অনুভূতিকে এত সহজে মুছে ফেলতে পারিনি।
দীর্ঘ চার দশক সেই যন্ত্রণা বয়ে বেড়িয়েছি। অবশেষে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে মঞ্চে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। উপস্থিত অনেকের চোখেও সেদিন পানি এসেছিল। সবার সামনে প্রিয় শিক্ষক মনিরুল হুদা স্যারের কাছে ক্ষমা চেয়েছিলাম।
সেই স্মৃতি আজও আমাকে আবেগাপ্লুত করে।
উপকূল দিবসের স্বীকৃতি চাই
১৯৭০ সালের ১২ নভেম্বর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের দিন নয়; এটি লাখো মানুষের স্বজন হারানোর বেদনা, অসংখ্য পরিবারের নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং উপকূলীয় জনপদের দীর্ঘস্থায়ী ক্ষতের ইতিহাস।
প্রতি বছর এই দিনটি ফিরে এলে উপকূলের মানুষের মনে সেই ভয়াবহ স্মৃতি নতুন করে জেগে ওঠে। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি দীর্ঘদিনের। এই দাবির যথাযথ স্বীকৃতি পাওয়া প্রয়োজন।
আজকের এই দিনে ১৯৭০ সালের সেই মহাপ্রলয়ে প্রাণ হারানো আমার পরিবারের স্বজনদের, মেহেদি রাঙা হাতে মৃত্যুকে আলিঙ্গন করা নবদম্পতিকে, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মনিরুল হুদা স্যারকে এবং উপকূলের অসংখ্য নিহত মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
মহান আল্লাহ তাঁদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।



