রাজনীতি

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

বাংলা টিভি ডেস্ক: জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার, বর্তমান ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল—সব পক্ষই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সামান্তা শারমিন অভিযোগ করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি পরিবারের প্রিয় ছাগলের বাচ্চা ‘তারা’কেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, নুসরাত সংসদ সদস্য কিংবা এনসিপি নেতা হওয়ার কারণে নয়, বরং জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত হওয়ার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নুসরাত কিংবা হাসিবদের জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার পরিচয় আওয়ামী লীগের পাশাপাশি অন্য রাজনৈতিক পক্ষগুলোর কাছেও গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

সামান্তা শারমিনের অভিযোগ, জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তাহীন অবস্থায় রেখে অন্তর্বর্তী সরকার, বর্তমান ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল কার্যত নিজেদের দায় এড়িয়ে গেছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, জুলাই আন্দোলনের অর্জন ও নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা এখন প্রমাণ করার সময় এসেছে। 

সংশ্লিষ্ট খবর

Back to top button