বাংলাদেশ

এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পেট্রোল বোমা হামলা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ব্যক্তিগতভাবে মনে করছেন তিনি। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগেও ও পরেও একাধিকবার হুমকিমূলক ফোন পেয়েছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও হুমকি আসা বন্ধ হয়নি।

নুসরাতের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, ওই পোস্টটি মূলত হুমকির বার্তা ছিল। তবে এসব হুমকিকে তাঁরা কখনো গুরুত্ব দিয়ে নিজেদের কার্যক্রম থেকে সরে আসেননি।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন ও আলামত দেখে তাঁর কাছে এটিকে পেট্রোল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে চূড়ান্তভাবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত তথ্যও নাকচ করেন তিনি। নুসরাত জানান, বাড়িটিতে গত পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। তাঁরা বাড়িটির দেখাশোনা করতেন এবং পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন।

নিজের শৈশব ও পরিবারের স্মৃতিবিজড়িত বাড়িটির ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর দাদার হাতে তৈরি এই বাড়িতেই তাঁর ও ছোট ভাইয়ের বেড়ে ওঠা। বাবা-মায়ের সংসারও ছিল এই বাড়িকে ঘিরে। সেখানে গবাদিপশুর খামার, আত্মীয়স্বজন এবং ওই অসহায় পরিবারটির বসবাস ছিল। অগ্নিকাণ্ডে পরিবারের একজন শিশুও আহত হয়েছে। বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং বাড়ির অধিকাংশই পুড়ে গেছে বলে জানান তিনি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নুসরাত বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিজেদের সামর্থ্য অনুযায়ী নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতেও বিলম্ব হয়েছে বলে জানান এই সংসদ সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ, নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার মতো বেশ কিছু তথ্য ও আলামত তাঁদের হাতে রয়েছে।

দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নুসরাত। তিনি বলেন, সংসদ সদস্য কিংবা সাধারণ মানুষ—কারও নিরাপত্তাই এখন নিশ্চিত নয়। দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নুসরাত আরও বলেন, একজন চলমান সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা শুধু তাঁর একার জন্য নয়, বরং জুলাই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য উদ্বেগজনক বার্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি জানতে চান, এ ধরনের হামলার ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব ও করণীয় কী।

হামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন। হামলার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনকে উল্লাস প্রকাশ করতে এবং ঘটনার দায় নেওয়ার মতো পোস্ট দিতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। তবে এগুলো প্রকৃত দায় স্বীকার, নাকি প্রচারের উদ্দেশ্যে করা হচ্ছে, তা নিশ্চিত নন বলেও উল্লেখ করেন।

স্থানীয় কোনো বিরোধ থেকে হামলার ঘটনা ঘটেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের এলাকার বাসিন্দাদের তিনি সন্দেহ করছেন না। তাঁর ব্যক্তিগত ধারণা, এ ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসা প্রয়োজন।

উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিকট শব্দ শোনা যায়। পরে গবাদিপশু রাখার ঘরে আগুন জ্বলতে দেখা যায়।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button