আন্তর্জাতিকইউরোপ

অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন মালিক

বাংলা টিভি ডেস্ক: কানাডার টরন্টোতে এক অদ্ভুত কারণে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়েছেন এক দম্পতি। বাড়ির মালিকের দাবি, তারা ঘরের ভেতর ধূমপান করেন, যার কারণে ভেতরের বাতাস দূষিত হচ্ছে। কিন্তু ভাড়াটিয়াদের দাবি একেবারেই ভিন্ন। তারা বলছেন, বাতাসে দূষণের এই মাত্রার জন্য দায়ী তাদের শরীরের স্বাভাবিক গ্যাস বা বায়ু ত্যাগ! শুনতে অবাক লাগলেও নিজেদের বাড়ি বাঁচাতে এখন এই অদ্ভুত যুক্তি দিয়েছেন তারা। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

টরন্টোর বাসিন্দা এস.ই গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো করেন তারা। গত ২৯ অক্টোবর শহরের বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানিতে তারা উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়েছেন।

একটি রূপান্তরিত দ্বিতল বাসার নিচতলা ও বেসমেন্টে থাকতেন তারা। বাড়ির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালি। তাদের বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন গত বছরের ডিসেম্বরে বাড়িতে একটি ‘এয়ারথিংস’ মনিটর বসান। এরপর থেকেই তিনি খেয়াল করেন, ঘরের বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি) বা ক্ষতিকর উপাদানের মাত্রা মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে। তানিয়া বারবার তাদের ধূমপান করতে নিষেধ করেন। কিন্তু গ্রুমেট ও ক্রুগার জানান, তারা ঘরের ভেতর সিগারেট বা ভ্যাপ কিছুই টানেন না। এমনকি মাঝে মাঝে গাঁজা খেলেও সেটা ঘরের বাইরে গিয়েই খান।

সমস্যার সমাধানে এই দম্পতি নিজেদের ঘরে আরেকটি মনিটর বসাতে রাজি হন। কিন্তু তাতেও বিপত্তি। কোনো কারণ ছাড়াই বারবার সেই মনিটরের অ্যালার্ম বাজতে থাকে। নিরুপায় হয়ে তারা এক সপ্তাহের জন্য গ্যাসের চুলা, গরম পানি এমনকি বিদ্যুৎ ব্যবহার পর্যন্ত বন্ধ করে দেন। জিমে গিয়ে গোসল করা শুরু করেন, মোমবাতি জ্বালানো বাদ দেন এবং জানালা খোলা রাখেন। এতকিছুর পরও দেখা যায়, দিনের বেলা এবং রাতে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, আর তারা ঘরের বাইরে থাকলে তা কমে আসছে।

এরপরই তাদের সন্দেহ হয়, হয়তো সমস্যা কোনো যন্ত্রে নয়, বরং তাদের নিজেদের শরীরেই। এয়ারথিংস কোম্পানির তথ্য ঘেঁটে তারা জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম এবং শরীরের অন্যান্য গ্যাসের কারণেও এই সেন্সর প্রতিক্রিয়া দেখাতে পারে। রাতে ঘুমানোর সময় বদ্ধ ঘরে এসব গ্যাস জমে গেলে সেন্সরের মাত্রা বেড়ে যেতে পারে। কোম্পানিটি আরও জানায়, তাদের সেন্সর নির্দিষ্ট কোনো উপাদান আলাদা করতে পারে না এবং এটি দিয়ে কেউ ধূমপান করছে কি না, তা প্রমাণ করা সম্ভব নয়।

এই তথ্য বাড়িওয়ালিকে জানানোর পরও ধূমপান বন্ধের নোটিশ আসা থামেনি। এই প্রসঙ্গে ক্রুগার বলেন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’

বাধ্য হয়ে অনলাইনে একটি আইনি সহায়তা তহবিল খোলেন তারা এবং ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, প্রায় তিন হাজার ৪০০ ডলার সংগ্রহ করে ফেলেন। সেখানে তারা লিখেছিলেন, ‘এটি কোনো রসিকতা নয়। আমরা চাইলেও এটা নিয়ে রসিকতা করতে পারছি না।’

গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে এই উচ্ছেদ আদেশের বিরুদ্ধে শুনানি হয়। বাড়িওয়ালি তানিয়া গত ২৯ জুন তাদের একটি নোটিশ দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল তিনি নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য পুরো বাড়িটি দখল করতে চান। অন্যদিকে, থিয়েটারের কাজে দীর্ঘদিন ঘুরে বেড়ানোর পর এই বাড়িটিই ছিল ওই দম্পতির প্রথম দীর্ঘমেয়াদী ঠিকানা। তাই তারা এটি ছাড়তে নারাজ।

শুনানির দিন কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়রাও অনলাইনে যোগ দিয়েছিলেন। গ্রুমেট বলেন, ‘তারা দেখতে চেয়েছিল বায়ু ত্যাগের কারণে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার এই নাটকীয় দৃশ্যটি।’ সূত্র: টরেন্টো সান।

সংশ্লিষ্ট খবর

Back to top button