বোনকে দেয়া কথা রাখতে ৩০ বছর ধরে জলপাইয়ের বিচি মুখে নিয়ে ঘুরছেন ভাই

বাংলা টিভি ডেস্ক: বোনের হাতের জলপাইয়ের চাটনি ছিল ভীষণ প্রিয়। সেই চাটনি খেতে খেতেই বোনের এক মজার প্রশ্নের জবাবে মুখে জলপাইয়ের বিচি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাই। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। বোন আর বেঁচে নেই, কিন্তু তার কাছে দেওয়া কথা আজও রেখেছেন ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া মোড়ের বাসিন্দা জয়দেব। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় চাকরি করতেন তিনি। নিজের বোন না থাকায় ভাইফোঁটার দিনগুলোতে মন খারাপ হতো তার। প্রতিবেশী অগ্নিবীণা দেবী তার সেই কষ্টের কথা শুনে নিজেই ফোঁটা দেওয়ার দায়িত্ব নেন। এরপর থেকে প্রতিবছর ভাইফোঁটায় জয়দেবকে ফোঁটা দিতেন তিনি। আয়োজন করতেন নানা পদের খাবার। শেষ পাতে থাকত জয়দেবের প্রিয় জলপাইয়ের চাটনি।
ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। সেদিন চাটনি খেতে দেখে অগ্নিবীণা মজা করে জানতে চান, জলপাইয়ের বিচি কত দিন মুখে রাখতে পারবেন জয়দেব। জবাবে তিনি বলেন, বোন যত দিন না বের করতে বলবেন, তত দিন বিচি মুখেই রাখবেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেদিন থেকেই মুখে জলপাইয়ের বিচি রেখে দিয়েছেন জয়দেব। শুরুতে এ কারণে জিভে ঘা হয়েছিল, এমনকি রক্তও পড়ত। তবে বিচি মুখ থেকে বের করেননি। এখন সেটি তার অভ্যাসে পরিণত হয়েছে। বিচি মুখে রেখেই তিনি খাবার খান, পানি পান করেন, দাঁত মাজেন এবং ঘুমান। এ কারণে কথা বলার সময় কিছুটা জড়তা তৈরি হয়েছে।
এলাকায় এখন পরিচিত মুখ জয়দেব। তাকে দেখলে অনেকেই কৌতূহল নিয়ে জলপাইয়ের বিচি দেখতে চান। তিনিও মুখ খুলে তাদের দেখান তিন দশক ধরে আগলে রাখা সেই বিচি।
তবে এই গল্পের পেছনে রয়েছে গভীর বেদনা। ২০১২ সালের ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা দেবী। বোনের মৃত্যুর পরও তার স্মৃতি ধরে রেখেছেন জয়দেব। বোনের কথা স্মরণ করে তিনি জানান, যত দিন পারবেন, এই স্মৃতিটুকু আগলে রাখবেন।
একটি জলপাইয়ের বিচি। অথচ এর সঙ্গে জড়িয়ে আছে তিন দশকের ভালোবাসা, স্মৃতি আর বোনকে দেওয়া কথা রাখার এক বিরল গল্প।



