মালদ্বীপে কর্মস্থলে অসুস্থ হয়ে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার সন্ধানে মাত্র আড়াই মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আবদুল্লাহ আল মামুন (৩৯)। কিন্তু প্রবাসজীবনের শুরুতেই থেমে গেল তাঁর পথচলা। কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন এই বাংলাদেশি প্রবাসী।
নিহত আবদুল্লাহ আল মামুনের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে। তাঁর বাবার নাম মোকছদার রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে হাইকমিশন জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের প্রতিবেশী মালদ্বীপ প্রবাসী নজরুল ইসলাম জানান, মামুন দেশটির ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার প্রতিদিনের মতো কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিকেলে কাজের মধ্যে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নজরুল ইসলাম আরও জানান, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে আবেদন করেছে পরিবার। দ্রুত মরদেহ দেশে ফেরানোর পাশাপাশি সরকারি আর্থিক সহায়তা পেতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তারা।
বর্তমানে মামুনের মরদেহ মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



