
বাংলা টিভি ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাধী হয়ে মামলাটি করেন।
মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথিভুক্ত হয়েছে।’
গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদ সদস্য তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত করা হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।



