
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কলাগাছিয়া বাজারের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বিগত ১৭ বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিজেদের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট গোষ্ঠী পালিয়ে গেলেও তাদের অনুসারীরা নতুন করে আবারও দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে কিংবা নাশকতা করে জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আর কোনো অপশক্তির অভয়ারণ্যে পরিণত করতে দেওয়া হবে না। বর্তমান প্রশাসনের নীরবতা ও কিছু মহলের অনূকূল্যের সুযোগ নিয়ে একটি মহল এ ধরনের দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।
অবিলম্বে কলাগাছিয়ার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মুহাম্মদ হাফিজুর রহমান।



