
নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে যায়। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনো শহীদ জিয়াউর রহমানকে ভুলে যায়নি। দেশে যখনই সংকট এসেছে, তখনই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে সুরক্ষিত করেছিলেন। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিলেও দলটি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি এখনো টিকে আছে। আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। কারণ, মানুষ মনে করে, তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে।
দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন শান্তিতে ও সুখে থাকতে চায়। তারা মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ১৭-১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। বিএনপিকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা অতীতে পরাজিত হয়েছিল, তারাই এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পথ তৈরি করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৫ সালের ইতিহাস ভুলে যায়নি। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও তারা ভুলে যায়নি।
তিনি বলেন, ১৭ বছর ভুল পথে থাকার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে। এখনো তারা একই ভুল পথে হাঁটছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়। এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ১৯৯৬ সালেও ক্ষমা চেয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় এসে আবার সব ভুলে গিয়েছিল। মানুষকে আর কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।
বিএনপির ওপর অতীতে নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে যায়নি কিংবা গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। যারা এখন ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। এতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হচ্ছে। জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না, বরং প্রতিহত করবে।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সত্যিই যদি দেশে ফিরতে চান, তাহলে সীমান্তে চলে আসুন। বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে কোনো লাভ হবে না। বাংলাদেশের রাজনীতিতে যারা অস্ত্রের রাজনীতি করেছে, জনগণ তাদের গ্রহণ করেনি।
বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার বিদায় নেবে। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। জামায়াতসহ বিরোধী অবস্থানে থাকা দলগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারেক রহমান দেশকে পরিবর্তন করতে পারেন কি না, তা দেখার আহ্বান জানান তিনি।
তারেক রহমানকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই-এক মাস কিংবা ছয় মাসেই অধৈর্য হয়ে পড়লে চলবে না। তারেক রহমান কীভাবে কাজ করছেন, তা দেখতে হবে। দুই, তিন কিংবা চার বছর পর মানুষ আরও পরিবর্তন দেখতে পাবে। মানুষ গ্যাস ও বিদ্যুৎ পাবে, অর্থনীতিতেও পরিবর্তন আসবে। কিন্তু তারেক রহমানকে সময় দিতে চাওয়া হচ্ছে না। অথচ দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের পক্ষে রয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে জিয়া শিশু-কিশোর মেলার আয়োজক ও জাসাসের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর শিকদারকে ধন্যবাদ জানান আবদুস সালাম। তিনি বলেন, জাহাঙ্গীর শিকদার নিয়মিত শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের আয়োজন করে আসছেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে জিয়াউর রহমানের রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ও দর্শন এবং ৭ নভেম্বরের মূল চেতনা তুলে ধরতে হবে। একই সঙ্গে ১৬ ডিসেম্বরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পর্কেও তাদের জানাতে হবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিশু, কিশোর ও তরুণ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের সঠিক ইতিহাস জানাতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু কিশোর মেলা আহ্বায়ক দ্বীন মো. দুলুর সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন- বিএনপি নির্বাহী কমিটির প্রান্তিক বিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস সভাপতি এম এ মালেক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, একুশে পদপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ্, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক আশরাফুল আমীন ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামস শান্তনু।
এসময় আরো উপস্থিত ছিলেন- চঞ্চল মোরশেদ, ওবায়দুল্লাহ মাসুম, আক্তার হোসেন, আবুল বাশার বিপুল, মাসুম ফরায়েজি, মো. নূরু নবীসহ আরো অনেকে।



