বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশ করা হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এবারের তালিকায় বাংলাদেশের তিনজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা।
প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রভাব ও ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। পাশাপাশি দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘটনাটিও পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের আরেক প্রতিনিধি ড. হামিদা হোসেন একজন স্বনামধন্য ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার সুরক্ষায় তিনি কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন।
অন্যদিকে তালিকায় স্থান পাওয়া রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষার পাশাপাশি বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করছেন তিনি। রোহিঙ্গা নারীদের সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি।
বর্ষসেরা পুরুষ ও নারী নির্বাচিত যারা
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং পরবর্তী সময়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি তাঁর এই স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
এদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তাঁর সহপাঠী ও শিক্ষকদেরও এ সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দিয়েছেন।
যেভাবে নির্ধারণ করা হয় প্রভাবশালী মুসলিমদের তালিকা
‘দ্য মুসলিম ৫০০’-এর এবারের প্রকাশনাটি ১৮তম বার্ষিক সংস্করণ। বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলমানের মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখা ব্যক্তিদের নিয়ে এ তালিকা তৈরি করা হয়।
ব্যক্তিদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকে মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, প্রকাশিত বই, জনমত গঠনে ভূমিকা, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি অবদানও তালিকা তৈরির ক্ষেত্রে গুরুত্ব পায়।
প্রকাশনায় প্রথম ৫০ জনকে ধারাবাহিকভাবে ক্রমানুসারে রাখা হয়েছে। বাকি ৪৫০ জনকে তাঁদের কর্মক্ষেত্র ও অবদানের ভিত্তিতে বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিভাগের মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসক, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।
প্রকাশক সংস্থার ভাষ্য অনুযায়ী, এই তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর ব্যক্তিগত মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থনের প্রতিফলন নয়। বরং মুসলিম বিশ্বে বিভিন্ন ব্যক্তির প্রভাব ও অবদান তুলে ধরাই প্রকাশনাটির প্রধান লক্ষ্য।



