বাংলাদেশ

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

বাংলা টিভি ডেস্ক: দেশের মানুষের কাছে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকই প্রতিরোধ করা সম্ভব। এ অবস্থা পরিবর্তনে বর্তমান সরকার প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, রোগ প্রতিরোধে মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ৮০ শতাংশ নারী থাকবেন। এসব কর্মী তৃণমূল পর্যায়ে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জুবাইদা রহমান বলেন, মানুষের ঘরে ঘরে রোগ প্রতিরোধের জ্ঞান পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। আইদেশি গত ১২ বছর ধরে এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে ধীরগতি দেখে অনেক সময় হতাশা তৈরি হতে পারে। তবে তাঁদের মনে রাখতে হবে, এই গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মীদের কাজের প্রশংসা করেন জুবাইদা রহমান। একই সঙ্গে তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button