বাংলাদেশ

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে উড়ছে ড্রোন

বাংলা টিভি ডেস্ক: শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে থাকা আটটি বিজিবি ক্যাম্পে বাড়ানো হয়েছে জনবল। পাশাপাশি নজরদারির কাজে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যানবাহন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির দায়িত্বাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ মহড়া পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করতে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি), ড্রোন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হবে।

এটিভি হলো বিশেষ ধরনের মোটরচালিত যান, যা অসমতল, দুর্গম ও সাধারণ যানবাহন চলাচলের অনুপযোগী পথেও চলতে পারে। ফলে সীমান্তের দুর্গম এলাকায় টহল কার্যক্রম পরিচালনায় এসব যান সহায়ক হবে বলে জানিয়েছে বিজিবি।

বিশেষ মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি নিয়মিত টহল বাড়ানো হয়েছে। বাড়তি জনবল, ড্রোন ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নতুন প্রযুক্তির ব্যবহার এবং জনবল বৃদ্ধির ফলে শেরপুর সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করছে বিজিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button