‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

বাংলা টিভি ডেস্ক: ‘ভিক্ষার টাকা বকেয়া রাখলে ফকির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন!’ এমনই মজার ঘোষণা দিয়ে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তাঁর ব্যতিক্রমী মাইকিংয়ে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তাঁর কথার ধরন শুনে কেউ হাসছেন, আবার কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন পুরো বিষয়টি।
শনিবার (৭ নভেম্বর) সকালে পূবাইল বাজারের বিভিন্ন এলাকায় এক হাতে লাঠি ও অন্য হাতে মাইক নিয়ে ঘুরতে দেখা যায় মোশাররফকে। দুই চোখে দৃষ্টিশক্তি না থাকলেও মাইকে বেশ সাবলীলভাবে কথা বলে পথচারী ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
তাঁর মাইকিংয়ের ধরনও বেশ ব্যতিক্রমী। অনেকটা সরকারি বিজ্ঞপ্তির ভাষায় তিনি ঘোষণা দিচ্ছেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তাঁরা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’
শুধু বকেয়া আদায়ের ঘোষণা দিয়েই থেমে থাকেননি মোশাররফ। ভিক্ষা গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছেন তিনি। তাঁর ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা নেওয়া হবে না। পাশাপাশি ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছেন পাঁচ টাকা।
মোশাররফের এমন রসিকতাপূর্ণ প্রচারণায় বাজারের বিভিন্ন স্থানে মানুষের ভিড় জমে যায়। অনেকেই তাঁর মাইকিং শুনে হাসিতে মেতে ওঠেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে তাঁর বক্তব্য ও চলাফেরার দৃশ্য ধারণ করেন। কৌতূহলী ব্যবসায়ী ও পথচারীদের অনেকে তাঁকে আর্থিক সহায়তাও করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাকা হাতে পাওয়ার পর স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে জানান মোশাররফ।
পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন, ভিক্ষা চাইতে অনেক মানুষকেই দেখা যায়। তবে মাইক হাতে এমন ব্যতিক্রমী কায়দায় ভিক্ষা সংগ্রহ করতে আগে কাউকে দেখেননি তিনি। মোশাররফের কথাবার্তা বেশ মজার হওয়ায় বাজারের মানুষও আগ্রহ নিয়ে তাঁর মাইকিং শুনছেন।
এক পথচারী জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। পরে কাছে গিয়ে বুঝতে পারেন, এটি আসলে ভিক্ষা সংগ্রহের অভিনব পদ্ধতি।
জীবিকার প্রয়োজনে মোশাররফের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন পূবাইল বাজারের মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাইক হাতে তাঁর ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।



