বাংলাদেশ

পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে

বাংলা টিভি ডেস্ক: পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মাহমুদা আক্তার ও তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। এ সময় মা ও বোনের জানাজায় বাবার হাত ধরে নির্বাক দাঁড়িয়ে ছিল দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে পাঠানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-মেয়েকে দাফন করা হয়। এর আগে একই এলাকায় তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজায় ইমামতি করেন তাঁর মামা সিদ্দীক। পরে মেয়ে সম্প্রীতির জানাজায় ইমামতি করেন বাবা ও সাংবাদিক আলী আজগর খোকন।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে আল্লাহর কাছে তাঁদের জান্নাত নসিব করার প্রার্থনা করেন। দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান তিনি।

আলী আজগর খোকন জানান, তাঁর মেয়ে সম্প্রীতি তৃতীয় শ্রেণিতে পড়ত। অনেক স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল সে। অন্যদিকে ছেলে মাহমুদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছেলেকে ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই পরিবারের সব স্বপ্ন ওলটপালট হয়ে গেছে।

মা ও বোনের জানাজার সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকা আহত মাহমুদকে নির্বাক দেখা যায়। তার চোখেমুখে ছিল আতঙ্ক ও শোকের ছাপ। এমন হৃদয়বিদারক দৃশ্যে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং আট যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

পরে শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার ও তাঁর মেয়ে সম্প্রীতির মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহত তাঁদের ছেলে মাহমুদও চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহত আরেক নারী প্রমিলা (৩০) শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী।

সব মিলিয়ে ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। স্বজনদের কাছে রেখে গেছে এক গভীর শোক আর অপূরণীয় ক্ষতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button