আন্তর্জাতিক

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে আটক করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে নিয়োজিত অধিদপ্তরের সঙ্গে যৌথ সমন্বয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটক ছয় নারী কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, অভিযানের পর ছয় নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দেশটির সামাজিক মূল্যবোধ ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবপাচার এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক অভিযানটিও সেই কার্যক্রমের অংশ।

তবে গ্রেপ্তার হওয়া নারীদের নাম, জাতীয়তা কিংবা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে এ ঘটনায় সম্ভাব্য শাস্তি সম্পর্কেও কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button