১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়

বাংলা টিভি ডেস্ক: ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি বাইতুস সালাম জামে মসজিদে টানা ১৬ বছর বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। বয়সের ভারে এখন আর আগের মতো দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। তাই তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের পরিচিত একজন মানুষকে বিদায় জানাতে গিয়ে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীর হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা মসজিদের প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসা, নিষ্ঠা ও আন্তরিকতার কথা স্মরণ করেন এবং তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসর নেওয়ার পর সৈয়দ আলী এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘ ১৬ বছর কোনো পারিশ্রমিক ছাড়াই নিষ্ঠার সঙ্গে তিনি এ দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে দায়িত্ব চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করে সম্প্রতি তিনি অব্যাহতির আবেদন করেন। তাঁর দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতেই এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থানে ইতোমধ্যে নতুন একজনকে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকলে আজীবন এই মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা ও সংবর্ধনা শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত মুসল্লিরা।



