বাংলাদেশ

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে তিন দিন ধরে একটি প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওই পরিবারের দুই প্রবাসীর স্ত্রী। এতে তাঁরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসারা গ্রামের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে গত ১১ নভেম্বর প্রবাসী আলী হোসেনের বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসারা গ্রামের প্রবাসী আলী হোসেনের পরিবারের সঙ্গে স্থানীয় আবুল কালাম ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। জমিসংক্রান্ত বিরোধে আলী হোসেনের পরিবারের বিরুদ্ধে করা তিনটি মামলাতেই তাঁরা জয়ী হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মামলায় পরাজিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে গত ১১ নভেম্বর আবুল কালাম আজাদের নির্দেশে তাঁর ভাইয়েরা আলী হোসেনের বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে পরিবারের সদস্যরা তিন দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

এ অবস্থায় শনিবার প্রবাসী সাকিবুল হাসানের স্ত্রী সালমা বেগম এবং আরেক প্রবাসীর স্ত্রী ইয়াছমিন বেগম অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আবুল কালাম আজাদের কাছে অনুরোধ জানান। এ সময় তাঁর ভাইয়েরা ওই দুই নারীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় সালমা বেগম (৩০) ও ইয়াছমিন বেগম (২৫) গুরুতর আহত হন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর আহত দুই নারী ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে উদ্ধার করে। একই সঙ্গে তাঁদের চলাচলের পথে দেওয়া কাঁটাতারের বেড়াও সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button