এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। তবে তিনি বর্তমানে ওই এলাকায় বসবাস করেন না। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমির মালিকানা ও দখল নিয়ে আবদুল হালিমের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
এ ছাড়া হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চাইতে গেলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব ব্যবহার করে আবদুল হালিম তাঁর কেনা জমি দখল করে নিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তাহীনতার কারণে একপর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন বলে দাবি করেছেন ইদ্রিস আলী। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন।
এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে জানতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে থানায় মামলা করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে আগে মামলা করতে পারেননি বলেও উল্লেখ করেছেন বাদী।
ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। পরে সেই জমি নিয়ে বিরোধ শুরু হয়। তাঁদের অত্যাচারে এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। এত দিন ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি। এখন সুযোগ পেয়ে মামলা করেছেন। কেউ তাঁকে মামলা করতে উৎসাহিত করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, নিজেই মামলা করেছেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং স্থানীয় অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইদ্রিস আলী পলাতক বলে তিনি জানেন। তাঁর সঙ্গে দীর্ঘদিন কোনো দেখাও হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাদী এজাহার জমা দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
এ ঘটনার তদন্তে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।



