আন্তর্জাতিকইন্ডিয়া

সাত বছর পর নারীকে জীবিত বের করলেন হত্যার দায়ে জেল খাটা ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: এক নারীকে হত্যার অভিযোগে দীর্ঘ আড়াই বছর কারাগারে কাটাতে হয়েছে এক ব্যক্তিকে। পরে জামিনে মুক্তি পেয়ে সেই নারীকে জীবিত খুঁজে বের করেছেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৩ জুলাই মঞ্জু নামের এক নারী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজের অভিযোগ করা হলেও দীর্ঘদিনেও তাঁর সন্ধান পায়নি পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, মঞ্জুর বাবা নাগারাজু তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছিলেন। বিয়েতে সম্মতি না থাকায় তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে একটি বাসস্ট্যান্ডে গিয়ে রাজেশ নামের এক ব্যক্তির কাছে জরুরি ফোন করার কথা বলে তাঁর মোবাইল চান। রাজেশ মোবাইল দিলে সেটি দিয়ে নিজের প্রেমিককে ফোন করেন মঞ্জু। এরপর সেখান থেকে চলে যান তিনি।

এদিকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন নাগারাজু।

ঘটনার মোড় ঘোরে ২০২১ সালে। ওই বছর অনন্তপদ্মমানভ ও গুরুকুমার নামের দুই ব্যক্তি নাগারাজুর কাছে গিয়ে দাবি করেন, ২০১৯ সালেই মঞ্জুকে হত্যা করেছেন রাজেশ এবং তাঁর মরদেহ গুম করে ফেলেছেন। তাঁদের বক্তব্যের ভিত্তিতে রাজেশের বিরুদ্ধে হত্যা মামলা করেন মঞ্জুর বাবা।

পরে মামলার তদন্ত কর্মকর্তা প্রভাস্কর রাজেশের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তদন্তে রাজেশের মোবাইল থেকে মঞ্জুর ফোন করার বিষয়টিকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার সূত্র হিসেবে তুলে ধরা হয়।

এরপর গ্রেপ্তার হন রাজেশ। হত্যার অভিযোগে দুই বছরের বেশি সময় তাঁকে কারাগারে থাকতে হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

কারাগার থেকে বের হওয়ার পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে মঞ্জুকে খুঁজতে শুরু করেন রাজেশ। একপর্যায়ে নিজের আইনজীবীদের সহযোগিতায় ওই নারীকে জীবিত অবস্থায় খুঁজে বের করতে সক্ষম হন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে মঞ্জু জানান, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে নিজের পছন্দের প্রেমিককে বিয়ে করে সংসার শুরু করেন। তাঁকে হত্যার অভিযোগে রাজেশের বিরুদ্ধে মামলা হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানতেন না। এমনকি রাজেশ নামের কাউকে তিনি চেনেন না বলেও জানান।

এ সময় রাজেশের পক্ষে সাক্ষ্য দিতেও সম্মতি জানান মঞ্জু।

ঘটনার পর মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মঞ্জুর বাবা নাগারাজু এবং মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন রাজেশ ও তাঁর আইনজীবীরা।

একজন নিখোঁজ নারীর হত্যার অভিযোগে নিরপরাধ ব্যক্তির দীর্ঘ কারাবাস এবং পরবর্তী সময়ে সেই নারীকে জীবিত খুঁজে পাওয়ার ঘটনা ভারতের আইনশৃঙ্খলা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: এনডিটিভি, দ্য গার্ডিয়ান।

সংশ্লিষ্ট খবর

Back to top button