আন্তর্জাতিক

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানীসহ বিভিন্ন রাজ্যে আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণ এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার এড়াতে নানা কৌশলে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হচ্ছে না বিদেশি নাগরিকদের। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যে পরিচালিত এক অভিযানে খাটের নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকেও আটক করেছেন অভিবাসন কর্মকর্তারা।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে মোট ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়ের হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তবে ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত পরিসংখ্যানে অভিযানের সংখ্যা আরও বেশি দেখানো হয়েছে। ওই তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনার পাশাপাশি ২২৮ জনেরও বেশি বিদেশিকে আটক করা হচ্ছে।

সর্বশেষ গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে রাজ্য অভিবাসন বিভাগ। তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের ভিডিও অভিবাসন বিভাগের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক কর্মকর্তাদের চোখ এড়াতে বিভিন্ন স্থানে লুকানোর চেষ্টা করছেন। তাদের মধ্যে একজন খাটের নিচে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে আটক করা হয়।

অভিবাসন বিভাগের তথ্যমতে, এসব অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। বিভিন্ন স্থানে মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়েছে।

আমপং এলাকায় খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে মিয়ানমারের আটজন এবং ইন্দোনেশিয়া ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া তদন্তের স্বার্থে একজন সাক্ষীকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে। বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত যৌথ অভিযানে সেলাঙ্গর রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে ওই স্থানে অভিবাসন বিভাগ কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা খুঁজে পায়নি।

এদিকে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। নিয়োগকর্তাদের প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ পাসপোর্ট, ভ্রমণ নথি এবং কাজের অনুমতিপত্র নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের শনাক্ত ও তাদের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে প্রকাশ না করে নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে বিভাগটি।

অভিযানের পাশাপাশি অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতেও কর্মসূচি চালু রেখেছে মালয়েশিয়া সরকার। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)-এর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় বৈধ পাস বা অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থানকারী কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করে নিজ দেশে ফিরতে পারবেন। এ জন্য অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত ফি দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অনিয়মিত অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

তবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অনিয়মিত অভিবাসীদের মধ্যে গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকছেই। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ কিংবা তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button