বিয়ের চার মাস পর সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী।
গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান স্বামী মিরাজ হোসেন (২৫)। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার এলাকার এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেনের বিয়ে হয়। বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
বিয়ের প্রায় সাড়ে তিন মাস পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।
এদিকে ওই তরুণীর অভিযোগ, তাঁর এ পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। এদিকে তালাকের পর থেকে আবুল খায়ের পলাতক রয়েছেন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে রোববার বিকেলে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।



