মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মানুষের মুখে বিড়ালের অবয়ব দেখছেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিরল এক দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন ২৮ বছর বয়সী এক যুবক। এখন মানুষের মুখের দিকে তাকালে কখনো কখনো সেখানে ভেসে ওঠে বিড়ালের চোখ, বড় মণি কিংবা ডোরাকাটা দাগ। আবার উল্টোভাবে পরিচিত মানুষের মুখের বৈশিষ্ট্যও দেখতে পান নিজের পোষা বিড়ালের মুখে। চিকিৎসাবিজ্ঞানে বিরল এই ঘটনা মস্তিষ্ক কীভাবে পরিচিত মুখ শনাক্ত ও সংরক্ষণ করে, তা নিয়ে গবেষকদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ওই ব্যক্তির পরিচয় গোপন রাখতে তাকে শুধু ‘কার্ল’ নামে উল্লেখ করা হয়েছে। গত প্রায় দুই বছর ধরে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। মার্কিন সাময়িকী নিউজউইক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘কর্টেক্স’ নামের একটি বৈজ্ঞানিক সাময়িকীতে।
মানুষের মুখে কেন বিড়ালের বৈশিষ্ট্য দেখেন তিনি?
কার্লের মস্তিষ্কের ডান পাশের পোস্টেরিয়র টেম্পোরাল লোবে ধমনী ও শিরার অস্বাভাবিক সংযোগের একটি জটিলতা ছিল, চিকিৎসাবিজ্ঞানে যাকে ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ বলা হয়। এই সমস্যা অপসারণের জন্য অস্ত্রোপচার করার পর থেকেই তার মধ্যে অস্বাভাবিক দৃষ্টিগত পরিবর্তন দেখা দেয়।
মস্তিষ্কের পোস্টেরিয়র টেম্পোরাল লোব মুখাবয়ব শনাক্ত ও চেনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ত্রোপচারের পর কার্ল কখনো একজন মানুষের মুখে অন্য পরিচিত মুখের বৈশিষ্ট্য দেখতে পান। বিশেষ করে তার পোষা বিড়াল ‘লুনা’র বাদাম আকৃতির চোখ, বড় মণি এবং শরীরের ডোরাকাটা নকশার মতো বৈশিষ্ট্য মানুষের মুখে ভেসে ওঠে।
শুধু তাই নয়, কখনো পরিচিত মানুষের চোখ কিংবা মুখের অন্যান্য বৈশিষ্ট্যও লুনার মুখে দেখতে পান তিনি। এসব অস্বাভাবিক অভিজ্ঞতা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পুরো দিনজুড়েও এমন পরিবর্তন থাকে।
ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডাচেইন কার্লের এই বিরল ঘটনা গবেষণায় নথিভুক্ত করতে সহায়তা করেছেন। নিউজউইককে তিনি জানান, মানুষের মস্তিষ্ক পরিচিত মুখগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যের স্মৃতি সংরক্ষণ করে রাখে। কার্লের ক্ষেত্রে মানুষ কিংবা তার পোষা বিড়ালের মুখ দেখার সময় সংরক্ষিত এসব বৈশিষ্ট্য একটির সঙ্গে অন্যটি মিশে গিয়ে দৃশ্যমান হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
কী এই প্রোসোপোমেটামর্ফপসিয়া?
কার্ল যে বিরল সমস্যায় ভুগছেন, তার নাম ‘প্রোসোপোমেটামর্ফপসিয়া’। এটি এমন একটি স্নায়বিক দৃষ্টিজনিত অবস্থা, যার কারণে মানুষের মুখের স্বাভাবিক গঠন ও বৈশিষ্ট্য বিকৃতভাবে দেখা দিতে পারে।
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির কাছে মুখের বিভিন্ন অংশ স্বাভাবিক অবস্থানের চেয়ে অন্য জায়গায় মনে হতে পারে। কখনো চোখ, নাক ও মুখের আকার অস্বাভাবিকভাবে বড় বা ছোট দেখায়। আবার মুখের ত্বকের রং, গঠন ও নকশাতেও পরিবর্তন চোখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের মুখ শনাক্তকরণে জড়িত অংশ ক্ষতিগ্রস্ত হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথায় গুরুতর আঘাত, মৃগী রোগ কিংবা মস্তিষ্কে অস্ত্রোপচারের পরও এমন বিরল উপসর্গ তৈরি হতে পারে।
তবে প্রোসোপোমেটামর্ফপসিয়ার সুনির্দিষ্ট কারণ সব ক্ষেত্রে একই নয়। কার্লের ঘটনাটি তাই শুধু একটি বিরল চিকিৎসাগত অভিজ্ঞতা নয়, বরং মানুষের মস্তিষ্ক কীভাবে মুখের পরিচিতি ও বৈশিষ্ট্য শনাক্ত করে, তা বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: দ্য হিন্দুস্তান



