রঙিন ক্লে আর ছবি আঁকায় মনের ভাষা প্রকাশ শিখল সুবিধাবঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক: রঙিন ক্লে দিয়ে মনের মতো অবয়ব গড়া আর রঙ পেন্সিলের আঁচড়ে নিজের অনুভূতি ফুটিয়ে তোলার আনন্দময় আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘হাসিমুখ’ (Hashimukh) অর্গানাইজেশনে স্কুলশিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল ‘ফাইট অ্যাগেইনস্ট অ্যাংজাইটি’ (Fight Against Anxiety), আন্তর্জাতিক কর্মসূচি ‘মিলেনিয়াম ফেলোশিপের’ (Millennium Fellowship) অধীনে এ উদ্যোগটি বাস্তবায়ন করে। এতে সার্বিক সহযোগিতা করে দেশের অন্যতম মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘সাইকটকস’ (PsychTalks) এবং ‘অটোনমি’ (Autonomy)।
আয়োজকেরা জানান, প্রচলিত পাঠদান পদ্ধতির বাইরে গিয়ে খেলাধুলা ও সৃজনশীলতার সমন্বয়ে পুরো কর্মশালাটি সাজানো হয়। শিশুদের বয়স ও বোঝার সক্ষমতা বিবেচনায় নিয়ে পরিচালিত বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের আনন্দ, দুঃখ, রাগ ও ভয়ের মতো মৌলিক অনুভূতিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিজেদের অনুভূতি শনাক্ত করা, সেগুলোর নাম বলতে পারা এবং আবেগ নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় ‘অটোনমি’-এর প্রতিনিধি ফাহমিদা ইসলাম তাসমী বক্তা হিসেবে শিশুদের মানসিক স্বাস্থ্য ও আবেগীয় সচেতনতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ‘সাইকটকস’-এর পক্ষ থেকে ওমর ফারুক সাজ্জাদ একটি বিশেষ সেশন পরিচালনা করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দলটির পক্ষ থেকে কর্মশালায় উপস্থিত ছিলেন অভিজিৎ সাহা, মালিহা রহমান তাইন ও নওশীন আনজুম।
উদ্যোক্তারা বলেন, শৈশব থেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ও প্রাথমিক ধারণা তৈরি করা জরুরি। শিশুদের নিজেদের আবেগ বুঝতে শেখানো এবং মানসিক স্বাস্থ্য সচেতনতাকে সমাজের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।



