‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না’

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহবিচ্ছেদ মানেই জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুনভাবে পথচলা শুরুর সুযোগ—এমন বার্তা দিয়ে দক্ষিণ কোরিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন এক নারী। বিয়ে ভেঙে যাওয়ার পর প্রচলিত সামাজিক ধারণাকে উপেক্ষা করে ঘটা করে ‘ডিভোর্স পার্টি’ আয়োজন করেছেন তিনি। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
৩৭ বছর বয়সী ওই নারীর নাম চো সেউং-ইয়ন। বিবাহবিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজন করেন বিশেষ এই অনুষ্ঠান।
আয়োজনের ধরনও ছিল বেশ চমকপ্রদ। অনেকটা বিয়ের সংবর্ধনার আদলে সাজানো হয় অনুষ্ঠানস্থল। সাদা পোশাকে সেজে অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন চো। অনুষ্ঠানের অংশ হিসেবে কেকও কাটেন তিনি।
তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে অতিথিদের উদ্দেশে দেওয়া তার বক্তব্য। চোখের পানি সামলেও নিজের আত্মমর্যাদা ও ব্যক্তিগত অধিকারের বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি।
চো বলেন, ‘ভালোবাসা পাওয়ার জন্য আমি আর নিজেকে ছোট করব না। জীবনে যা-ই ঘটুক, আর কখনো নিজেকে একা ফেলে রাখব না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা
চো সেউং-ইয়নের এমন ব্যতিক্রমী আয়োজন অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই তার সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, বিবাহবিচ্ছেদের মতো ব্যক্তিগত একটি বিষয় কেন এভাবে প্রকাশ্যে উদযাপন করতে হবে? তাদের মতে, এমন ঘটনা ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থাকা উচিত।
অন্যদিকে, অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘স্বাধীনতার আনন্দ উপভোগ করো। নতুন শুরুর জন্য শুভকামনা।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘চমৎকার একটি উদ্যোগ! আয়োজনটি সত্যিই ভালো লেগেছে।’
অন্য এক নেটিজেনের ভাষ্য, বিয়ে যেমন জীবনের স্বাভাবিক একটি ঘটনা, বিবাহবিচ্ছেদও তেমনি স্বাভাবিক। বিচ্ছেদকে স্বাভাবিকভাবে গ্রহণ করার অর্থ বিচ্ছেদে উৎসাহ দেওয়া নয়; বরং বিচ্ছেদের পর একজন মানুষের নতুন করে জীবন শুরু করার অধিকারকে সম্মান জানানো।
ডিভোর্স নিয়ে সামাজিক কুসংস্কার ভাঙাই উদ্দেশ্য
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চো সেউং-ইয়ন জানান, তার এই আয়োজনের পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। দক্ষিণ কোরিয়ার সমাজে বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের ঘিরে যে নেতিবাচক ধারণা ও সামাজিক ট্যাবু রয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চেয়েছেন তিনি। একই সঙ্গে নিজের স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার বিষয়টিও ছিল তার কাছে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ উপলক্ষে এ ধরনের উৎসব আয়োজনের প্রচলন খুব বেশি নেই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ এখনো অনেক সময় সামাজিক সংকোচ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন এলেও বিষয়টিকে এখনো অনেকেই ব্যক্তিগত ও বেদনাদায়ক ঘটনা হিসেবেই দেখেন।
এমন বাস্তবতায় চো সেউং-ইয়নের ‘ডিভোর্স পার্টি’ নতুন করে আলোচনায় এনেছে বিবাহবিচ্ছেদ, নারীর আত্মমর্যাদা এবং বিচ্ছেদের পর নতুনভাবে জীবন শুরু করার অধিকার নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়টি।



