ফিলিস্তিনপন্থী বিক্ষোভে মোতায়েনরত পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বিতর্কিত বিশেষ ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। এর পরিবর্তে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘উত্তেজনা প্রশমনকারী দল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
এর আগে সোমবার মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মামদানি বলেন, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে নিউইয়র্কবাসীকে যেন সন্ত্রাসবাদী হুমকির মতো পুলিশি আচরণের মুখোমুখি হতে না হয়। এ লক্ষ্যেই সংলাপ, জনসম্পৃক্ততা ও উত্তেজনা প্রশমনকে গুরুত্ব দিয়ে নতুন একটি বেসামরিক নেতৃত্বাধীন ব্যবস্থা চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, কাউন্সিল সদস্য চি ওসের প্রস্তাবিত ‘কার্ব অ্যাক্ট’-এ যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে, নতুন উদ্যোগের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিক্ষোভ দমনে সমালোচনার মুখে ছিল এসআরজি
প্রায় ৫০০ প্রশিক্ষিত পুলিশ সদস্য নিয়ে গঠিত এসআরজি ইউনিটটি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বিক্ষোভ মোকাবিলার কৌশল নিয়ে সমালোচিত হয়ে আসছিল। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পেপার স্প্রে এবং অন্যান্য নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি গণগ্রেপ্তারের অভিযোগও ছিল ইউনিটটির বিরুদ্ধে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এসআরজির ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
মেয়রের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন ব্যবস্থার ফলে বিক্ষোভের প্রস্তুতি ও পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পদ্ধতিতে পরিবর্তন আসবে। নাগরিকদের সাংবিধানিক প্রতিবাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ, উত্তেজনা প্রশমন এবং বেসামরিক সমন্বয়কে গুরুত্ব দেওয়া হবে।
সংস্কার উদ্যোগকে স্বাগত নাগরিক অধিকার সংগঠনের
নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, প্রস্তাবিত পরিবর্তনগুলো বিক্ষোভকে আরও নিরাপদ করে তুলবে। একই সঙ্গে আরও বেশি মানুষকে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশের সুযোগ করে দেবে।
তবে নতুন উদ্যোগ নিয়ে পুলিশের অবস্থানে কিছুটা ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ এবিসি৭-কে জানিয়েছেন, এসআরজি বিলুপ্ত হলেও জনসমাগম নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিউইয়র্কবাসী পুলিশের কাছ থেকে আগের মতোই প্রতিক্রিয়া দেখতে পারেন।
তার বক্তব্য অনুযায়ী, জনতার ভিড় নিয়ন্ত্রণে এনওয়াইপিডির কার্যক্রমে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
ফলে এসআরজি বিলুপ্ত করে নতুন দল গঠনের ঘোষণার পরও বিক্ষোভ মোকাবিলায় পুলিশের বাস্তব কার্যক্রমে কতটা পরিবর্তন আসে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই



