গিনেস বিশ্ব রেকর্ডে মক্কা ক্লক টাওয়ারের দুই অর্জন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত স্থাপনা ক্লক টাওয়ার নতুন করে দুটি বিশ্বরেকর্ড গড়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের অভ্যন্তরে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের ভেতরে অবস্থিত জাদুঘরের মর্যাদা অর্জন করেছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন আনুষ্ঠানিকভাবে এ অর্জনের কথা জানায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জিত হয়।
মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ এই দুটি স্থাপনা থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের মনোরম দৃশ্য দেখা যায়।
রয়্যাল কমিশনের মতে, এ স্বীকৃতি মক্কার স্থাপত্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি নগরীর পর্যটন ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে হজ ও ওমরাহ পালন করতে আসা লাখো মানুষের অভিজ্ঞতা সমৃদ্ধ করতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে।
এ অর্জনের মাধ্যমে বৈশ্বিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে মক্কার অবস্থান আরও দৃশ্যমান হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ।



