আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আদালতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় প্রকাশ করা হবে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে সামরিক অভিযান চালিয়েছিল, তা গণহত্যার শামিল।

ওই সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা। তাঁদের অনেকেই অভিযানের সময় হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা এবং বসতবাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন।

এ বিষয়ে জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছিল।

অন্যদিকে, মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের দমনের লক্ষ্যেই আইনসম্মতভাবে ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজকের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ মামলার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button