
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে রাজধানীর বকশীবাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার পর জয়নাগ রোডে চিহ্নিত হওয়া রাসায়নিকের গুদামগুলোয় অভিযান শুরু করে টাস্কফোর্স। এ সময় গুদামের তালিকা থেকে সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে অভিযান টিম।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (২ মার্চ) ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি দল বকশীবাজারে অভিযানে যায়। অভিযান পরিচালনাকারী টিম এ সময় বেশকয়েকটি রাসায়নিকের গুদাম চিহ্নিত করে ভবনগুলোয় গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। কিন্তু এতে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। শেষমেষ ব্যবসায়ীদের বাধার মুখে অভিযান না চালিয়ে চলে আসেন টাস্কফোর্সের সদস্যরা।
বিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুরে ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় এ পর্যন্ত মোট ৭১ জন মারা গেছেন। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে কেমিক্যালকেই দায়ী করা হচ্ছে।
তাই পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে কেমিক্যাল সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর অভিযান।
অভিযানের প্রথম দিনে রাজধানীর ২৪ নম্বর ওয়ার্ডের শহীদনগর এলাকায় ১৩টি ও ইসলামবাগ এলাকার ৮টি ভবনের গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর শনিবার সকালে সিটি কর্পোরেশনের ৪টি টিম একই অভিযানে যায়।
বাংলাটিভি/প্রিন্স



