শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে শ্রমিকের ছদ্মবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের সংবাদ কার্ড শেয়ার করে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন তৈরি পোশাকশ্রমিকরা।
এদিকে গাজীপুরে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক মিয়া (২০)।
তৌফিকের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খান বলেন, সাধারণ কোনো শ্রমিক এ ধরনের তাণ্ডব চালাতে পারেন না।



