জাহাজের হর্ন বাজিয়ে ভাল্লুককে জাগিয়ে তোলায় প্রায় ৭ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের সেলবার্দে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে বিরক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
চলতি মাসের শুরুতে সেলবার্দ উপকূলের কাছে এ ঘটনা ঘটে। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জটি উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে।
প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকা দিয়ে জাহাজ যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন একটি মেরু ভাল্লুককে স্থলে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে জাহাজের এক ব্যক্তি উচ্চস্বরে ফগ হর্ন বাজান। আকস্মিক শব্দে ভাল্লুকটি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে দ্রুত সেখান থেকে চলে যায়।
ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, জাহাজের এক ব্যক্তি ঘুমন্ত মেরু ভাল্লুকের উদ্দেশ্যে ফগ হর্ন বাজিয়েছিলেন। শব্দে ভাল্লুকটি জেগে উঠে অন্য জায়গায় চলে যায়।
সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইনে প্রয়োজন ছাড়া মেরু ভাল্লুককে বিরক্ত করা বা উসকানি দেওয়া নিষিদ্ধ। পর্যটক ও জাহাজের যাত্রীদের ওই এলাকায় চলাচলের সময় বন্যপ্রাণীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়।
অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধে সম্মতি জানিয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি।
সূত্র: বিবিসি



