গাইবান্ধায় পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- উপজেলার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। তাদের দুজনেরই বয়স দুই বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল। আবার একই দিনে তাদের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



