আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ছাড়া বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আর সাতটি আংশিক ক্ষতির মুখে পড়েছে। কয়েকটি স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যার পর থেকে দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি বিপর্যস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায় অবস্থিত।

জানা গেছে, এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যার ভয়াবহ স্রোতে কোনো কোনো স্কুল পানির নিচে তলিয়ে গেছে। আবার কিছু প্রতিষ্ঠান মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানির তোড়ে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও ভেসে গেছে। এতে নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল।

ভয়াবহ এই বন্যায় নেপালের শিক্ষা খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button