বিএনপিরাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডেল: খন্দকার মারুফ

বাংলা টিভি ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ‘উন্নয়নের এক রোল মডেল’ হবে।

সোমবার (৩১ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে সরকার।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও উন্নয়নের অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গুরুত্ব অপরিসীম। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। কোনো অপরাধী বিএনপির পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

জনস্বার্থ বিনষ্টকারী এসব অপরাধী আইনের ফাঁকফোকর দিয়ে যাতে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে তীক্ষ্ণ নজরদারি এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই সরকারে থাকে, তখনই জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং থানার ওসি মো. সাজেদুল ইসলামসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button