
চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে মো. সেলিম মাঝি (৫০) নামে এক নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
দলীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সেলিম মাঝি অনুষ্ঠানে আসেন। সভা চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক এই মৃত্যুতে দলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে সেলিম মাঝির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা সবসময় তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।



