মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি আবু তাহের লিটন (৪৪)। ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়ে তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলতি মাসেই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে পরিবারের কাছে ফিরতে হচ্ছে নিথর মরদেহ হয়ে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিহতের ছেলে মো. আল আমিন তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত লিটনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে। তাঁর বাবার নাম বদি আলম।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান আবু তাহের লিটন। বৈধভাবে দেশটির একটি স্থানীয় কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি মাফুশি আইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কনস্ট্রাকশনের কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন লিটন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
বাবাকে হারিয়ে শোকাহত ছেলে আল আমিন বলেন, চলতি মাসেই তাঁর বাবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এক মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে। জীবিত বাবার ফেরার অপেক্ষায় থাকা পরিবারকে এখন গ্রহণ করতে হবে তাঁর মরদেহ।
এদিকে, নিহতের মরদেহ বর্তমানে মালদ্বীপের একটি হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, লিটনের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৩ অক্টোবর তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।
আবু তাহের লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে মিশন।



