প্রবাসী

মালদ্বীপে প্রতারণার শিকার হলে নীরব না থাকার আহ্বান হাইকমিশনের

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে চাকরি, ভিসা ও ওয়ার্ক পারমিটের নামে প্রতারণা, মিথ্যা প্রলোভন এবং অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। এ ধরনের প্রতারণা বা জোরপূর্বক শ্রমের শিকার হলে কিংবা সংশ্লিষ্ট কোনো ঘটনার তথ্য জানা থাকলে নীরব না থেকে হাইকমিশনকে জানানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, মালদ্বীপে অবস্থানরত কোনো বাংলাদেশি প্রতারণা, মিথ্যা প্রলোভন, অবৈধ অর্থ আদায় কিংবা দালাল ও মধ্যস্বত্বভোগীদের হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট তথ্য জানাতে পারেন। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা পাওয়া যাবে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে প্রবাসীদের সচেতন থাকার এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, কাজের ভিসায় মালদ্বীপে আসার আগে ভিসা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নতুন ওয়ার্ক ভিসায় মালদ্বীপে আসার আগে বিএমইটি স্মার্ট কার্ড সংগ্রহের পরামর্শও দেওয়া হয়েছে।

চাকরির নিশ্চয়তা, দ্রুত ওয়ার্ক পারমিট কিংবা ভিসা নিয়মিত করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে যাচাই ছাড়া এবং সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। কারণ, প্রতারণার শিকার হলে আর্থিক ক্ষতির পাশাপাশি চাকরি না পাওয়া, ঋণের বোঝা এবং অভিবাসনসংক্রান্ত জটিলতায় পড়তে পারেন কর্মীরা।

মালদ্বীপে এক লাখের বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং ভুয়া কাগজপত্রের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ পরিস্থিতিতে বৈধ পথে বিদেশে আসা, নিয়োগদাতার তথ্য যাচাই এবং অর্থ লেনদেনের প্রমাণ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কাগজপত্র, অর্থ লেনদেনের রসিদ ও কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করে কর্তৃপক্ষের সহায়তা নিতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের হটলাইন +9603027953 নম্বরে এবং mission.male@mofa.gov.bd ইমেইলে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা।

প্রবাসীদের সচেতনতা ও সহযোগিতাই দালালচক্রের প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button