বাংলাদেশপ্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

বাংলা টিভি ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়।

এবার জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ছয়জন শিক্ষককে যুক্ত করে মোট ১০১ জনকে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। তবে তালিকাভুক্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তার নাম বাতিল করার সুযোগ রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এবার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশলসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা এই সম্মাননা পেয়েছেন।

প্রাথমিক পর্যায়ে সম্মাননা পেয়েছেন ১০ জন শিক্ষক। তাদের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন রয়েছেন।

মাধ্যমিক পর্যায়ে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। এদের মধ্যে সাধারণ মাধ্যমিক শিক্ষার ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন।

কলেজ পর্যায়ে রয়েছেন ২৫ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।

এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও পেয়েছেন এবারের বিশেষ সম্মাননা।

বিভিন্ন স্তরের শিক্ষকদের এই স্বীকৃতির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান ও ভূমিকার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button